বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেলেন সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদ (৩৩)। তিনি উল্লাপাড়া উপজেলার কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে।
শনিবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে ফিরোজ মারা যান। ফিরোজ আহমেদ উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তিনি তার বাড়িতে সবার অলক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে ফিরোজের অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাবার পথে তিনি মারা যান।
ফিরোজ আহমেদের বাবা জমসের আলী জানান, তার ছেলের স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। অনেকদিন ধরেই সে চরম আর্থিক সংকটে ছিল। এ নিয়ে পরিবারে অশান্তিও বাড়ে। কিন্তু কি কারনে সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে তা এখনও তার পরিবারের কাছে স্পষ্ট নয়। তিনি বুড়ো হয়ে গেছেন। এখন ফিরোজের স্ত্রী ও দুই মেয়েকে কিভাবে লালন পালন করা হবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ফিরোজের মরদেহ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।