সম্প্রতি ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন আওয়ামী লীগের সময়কার দুর্নিতীবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকার ১৫ নম্বরে নাম রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের। দুর্নিতিবাজ কর্মকর্তাদের তালিকায় নাম প্রকাশ পাওয়ায় নিজেকে সৎ দাবি করে ফেসবুক পোস্টে তিনি হাতাশা প্রকাশ করেছেন।
সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময় সবশেষ তিনি এনজিওব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ২০২০ সালে স্বাস্থ্য সেবা বিভাগে অরিতিক্ত সচিব হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব পদে পদায়ন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের জানুয়ারিতে তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে ১০ জানুয়ারি থেকে এক বছরের জন্য তার চাকুরির মেয়াদ বাড়ানো হয়।
খোঁজনিয়ে জানাগেছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বর্তমানে কর্মরত পতিত আওয়ামী লীগের দোসর ৪৪ জন সচিব ও ১২ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। সংগঠনটি এসব আমলা ও ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানোসহ ৭ দফা দাবি জানাং। ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটির নেতারা বলেছেন, ৩১ মের মধ্যে তাদের দাবি মানতে হবে। অন্যথায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি দেবেন তারা।
স্বাস্ব্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমানের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজিপুর গ্রামে। এই ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ইত্তেফাককে জানান, গ্রামে স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের তেমন কোনো সয় সম্পদ নেই। তবে গ্রামের বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এই কর্মকর্তা গড়ে তুলেছেন ‘প্রবীন স্বাস্থ্য সেবা’ নামের একটি প্রতিষ্ঠান।
স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগের সময় নাটোর-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের প্রত্যক্ষ এবং পরক্ষ্য হস্তক্ষেপে পদোন্নতি বঞ্চিত হওয়ার কথা কথিত থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে ওই নেতার সাথে দেখা গেছে সচিব সাইদুর রহমানকে। আবার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সচিব পদে পদায়ন হওয়ার পরও একটি সংগঠনের প্রকাশ করা দুর্নিতিবাজ কর্মকর্তাদের তালিকায় নিজের নাম থাকা নিয়ে বৃহস্পতিবার রাতে ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন এই কর্মকর্তা। ইত্তেফাকের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
‘ফেইসবুকে আমার লেখা হয়না। লিখতেও পারিনা। ক’দিন ধরে মনটা খারাপ। মনটাকে হালকা করার জন্য আজকে একান্ত নিজের কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো। কিছু কষ্টের কথা। দয়া করে এই সময়টুকু আমার জন্য বরাদ্দ করবেন।
১৯৮২ সালে এইসএসসি পরীক্ষার পর বাবা মারা যান। লেখাপড়া থেমে যায়। বাড়ির ঘাটে গাছতলায় বাঁধা নৌকায় বসে ভাবতাম কি হবে আমার। বন্ধু ড. হাসিনুর রহমান বললো-ঢাকা ভার্সিটিতে ভর্তি হ, টিউশনি করে চলা যাবে। এভাবেই বিজ্ঞান বিভাগ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে ভর্তি হওয়া। টিউশনি করতাম, চলতাম স্বচ্ছলভাবে। সরকারি চাকরিতে এসে দেখলাম শুরু থেকে শেষ অবধি কোনমতে চলা যায়, স্বচ্ছলতা আসেনা, সঞ্চয়ের সুযোগও কম ।
১৯৯২ সালে কাবিন হলো আমাদের। টাকা গুছিয়ে বিয়ের প্রোগ্রাম করার পরিকল্পনা। টাকা আর জমে না। কক্সবাজারের শরনার্থী ক্যাম্পে পোস্টিং হলে মাসে সাড়ে তিন হাজার টাকা লিভিং সাপোর্ট পাওয়া যায়। তারপরও কেউ যেতে রাজি হন না থাকা-খাওয়ার কষ্টের কারণে। আমি তো নিরুপায়, সঞ্চয় দরকার। টেকনাফের রংগীখালী ট্রানজিট ক্যাম্প এবং আরআরসি অফিসে শরনার্থীদের সেবা করে সঞ্চিত অর্থ দিয়ে বিয়ের প্রোগ্রাম সারলাম দরিদ্রহালে।
১৯৯৬-২০০২ প্রায় ৫ বছর রাজশাহীর দুর্গাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করি। মাসের শেষ ৪/৫ দিন বাজার করার টাকা থাকতো না । ভর্তা-ভাজি দিয়ে চালাতে হতো। রাইসা এবং ফাহিমের কষ্ট হতো বেশি।
গাজীপুরের কালীগঞ্জে প্রায় ৩ বছর (২০০৩-৬) এবং বগুড়ার গাবতলীতে প্রায় ১ বছর (২০০৬-২০০৭) ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালেও একই অবস্থা, আর্থিক অনটন। বাড়ি থেকে মা চাল-ডাল পাঠাতেন।
২০২০ সালে স্বাস্থ্য সেবা বিভাগে পোস্টিং। জিপিএফ-এর ৫ লাখ টাকা লোন, পৈতৃক জমি বিক্রি করে ভাই-বোনদের দেয়া ৮ লাখ এবং বন্ধুদের কাছ থেকে আরো কিছু ধার করা টাকায় মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। লোন এখনো শোধ করতে পারিনি। পেনশনের টাকা থেকে দিতে হবে।
আমার কোনো ফ্ল্যাট নাই, প্লট নাই। মরহুম বাবার বাড়ি আমার স্থায়ী ঠিকানা। কলাবাগানে শ্বশুর-সূত্রে প্রাপ্ত আমার মিসেসের ফ্লাট ঘরজামাই হিসেবে বর্তমান ঠিকানা।
সরকারিভাবে হজ্জে যাওয়ার জন্য রেজিষ্ট্রেশনের টাকা জমা দেই ২ বছর আগে, টাকা যোগাড় করতে না পারায় যেতে পারিনি। এ বছরও একই কারণে যাওয়া হলো না। আগামী বছর পেনশনের টাকা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
সম্প্রতি একটি সংগঠন আমার নাম দুর্ণীতিবাজদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রচার করেছে। এটি যে কোনো ব্যক্তি, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য বিব্রতকর। শুভাকাঙ্ক্ষীরা আমার বক্তব্য প্রত্যাশা করেছেন। ব্যক্তিগত বিষয়ে লেখা নিয়ে দ্বিধান্বিত ছিলাম। অবশেষে মনে হলো আমার অবস্থান জানানো প্রয়োজন।
প্রায় ৩৪ বছর চাকরি করার পর যার নিজের কোনো ঠিকানা নাই, হজ্জ করার আর্থিক সামর্থ নাই, যিনি এখনো ঋণগ্রস্ত তাকে দুর্নীতিবাজ বলা হলে সৎভাবে জীবন-যাপনের যুদ্ধে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে।
দুর্গাপুর, কালিগঞ্জ, গাবতলী, পাবনা কিংবা জন্মস্থান খুবজীপুর-আমার এই প্রিয় যায়গাগুলো থেকে খোঁজ নিতে পারেন। জিজ্ঞেস করতে পারেন লোকটি কেমন ছিলেন।
অর্থ-বিত্ত, চাকরি নিয়ে চিন্তা করি না। ছেলে-মেয়ে চাকরি করে। আল্লাহ রিজিকের মালিক। তিনি যেভাবে রাখবেন সেভাবেই থাকতে হবে। যে কোনো সময় মারাও যেতে পারি। ২০ মে তার্কিশ এয়ারলাইন্স-এর আগুন ধরা প্লেনে যাত্রী ছিলাম, মারা যেতে পারতাম, আল্লাহ রক্ষা করেছেন।
সততা পুরো জীবন-যুদ্ধের অর্জন। এ সমাজে প্রতিনিয়ত জেহাদ করতে হয় সৎ জীবন-যাপনের জন্য। কাউকে অসৎ বা দুর্ণীতিবাজ বলতে হলে পর্যাপ্ত তথ্য নির্ভর হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিকেও বলার সুযোগ দিতে হবে।
দোয়া চাই যাতে জীবনের বাকী সময়টা সুস্থ থেকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা এবং বলিষ্ঠতার সাথে পালন করতে পারি, অন্যায়কে পরিহার করতে পারি, প্রতিরোধ করতে পারি। আল্লাহ সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার তৌফিক দান করুন।’
সচিব সাইদুর রহমান বলেন, সততা নিয়ে চাকরি করতে গিয়ে সারা জীবন কষ্টে কাটিয়েছেন। অথচ একটি সংগঠন মনগড়াভাবে দুর্নিতিবাজ কর্মকর্তাদের তালিকায় তার নাম করেছে। এনিয়ে তিনি হতাশ। নিজের শুভাকঙ্খিদের সঠিক তথ্য জানাতেই তিনি বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।