বড়াল নদীর ৫ কিলোমিটার অংশে অযাচিতভাবে ১ কোটি ৭৯ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা। নদী কমিশন ও পানি উন্নয়ন বোর্ডের অনুমতির তোয়াক্কা না করে নদীর এই অংশে নামমাত্র ড্রেজিং করা হচ্ছে। ড্রেজিংয়ে নানা অনিয়ম থাকায় প্রকল্পটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ- নদীটির নামকোয়াস্ত যে স্মৃতি চিহৃ ছিল, পৌরসভার এই প্রকল্পের ফলে তাও এখন সরু খালে পরিণত হয়েছে। অথচ ৫২৮ কোটি টাকা ব্যায়ে বড়াল নদী দখলমুক্ত করে পানি প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি নিষ্কাশনের নামে এভাবে নদী শাসন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিকে বড়াল নদী ড্রেজিংয়ের বিতর্কিত এই প্রকল্পের সঠিক তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেনি পৌর কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানাগেছে, প্রমত্তা বড়াল পদ্মায় জন্ম নিয়ে যমুনায় বিলিন হয়েছে। ২২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর পেট চিরে জন্মেছে নদী-নালা, খাল-বিল। পদ্মা-যমুনার পানি এই নদী হয়েই গড়িয়ে পড়তো দেশের সর্ববৃহৎ চলনবিলে। অথচ ৫’শ ফিট প্রস্থের এই নদীর বনপাড়া অংশ দখল-দূষণে সরু হয়ে গেছে।
পৌর সভার বিভিন্ন সূত্রে জানাগেছে, ‘বি এম ডব্লিউ এস এস পি’ প্রকল্পের আওতায় এই বড়ালের বনপাড়া হাওড়া মিঠুর বাড়ি থেকে নটাবাড়িয়া বকুলতলা পর্যন্ত নদীর ৫ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেয় বনপাড়া পৌরসভা। এর সঙ্গে হাওরা থেকে বিলচিনিডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার জিয়া খালও সংস্কার করা হচ্ছে। কাজটি শুরু হয়েছে ২০২৪ সালের ১৫ এপ্রিল। ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের এই কাজটি পেয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন এ্যান্ড কোং।
বনপাড়া পৌরসভার উপ সহকারি প্রকৌশলী রিপন কুমার শিল বলেন, বড়াল নদী ড্রেজিংয়ের কথা তাদের প্রকল্পে উল্লেখ নেই। তবুও পৌর শহরের পানি নিষ্কাশনের জন্য বাধ্য হয়ে বড়ালের ৫ কিলোমিটার অংশে ড্রেজিং করা হচ্ছে। নদী ড্রেজিংয়ের জন্য নদী কমিশন বা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নেয়নি পৌরসভা।
তিনি বলেন, বড়াল নদী হলেও এটি সরু খালে পরিণত হয়েছে। একারণে পৌরসভার প্রকল্পে কোথাও কোথাও ৩ ফিট গভীর ও ২ ফিট প্রস্তেও খনন কাজ করছেন তারা।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম বলেন, বনপাড়া পৌর কর্তৃপক্ষ বড়ালের ৫ কিলোমিটার ড্রেজিং করছে। এই বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে পৌরসভা পানি উন্নয়ন বের্ডের বা নদী কমিশনের অনুমতি নেয়নি। তিনি বলেন, ৫২৮ কোটি টাকা ব্যায়ে বড়াল ও নারদ নদী দখলমুক্ত করে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের পরও পৌরসভার বড়াল নদী ড্রেজিংয়ে বিষয়টি তার বোধগম্য নয়।
বড়াল তীরের বাসিন্দা কালিকাপুর বেড় পাড়া মহল্লার বাসিন্দা আব্দুস সালাম, লুৎফর রহমান ও রাজু আহম্মেদ বলেন, তারা পৃর্ব পুরুষের মুখে বড়াল নদীর নাম শুনেছেন। সেই নদী তীরেই তাদের বসতি। এই এলাকায় নদী খনন করা হয়নি। মূলত খননের নামে কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এর আগে ড্রেজিংয়ের নামে নদীর মাটি বিক্রি করা নিয়ে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বও হয়েছে। বড়ালকে দখলমুক্ত করে নাব্যতা ফেরানোর দাবি তাদের।
কালিকাপুরের গায়রুদ্দিন মোল্লা ও জান মোহাম্মদ বলেন, পৌরসভা কী বড়াল নদী ড্রেসিং করতে পারে? নদীটি খননের দাবি তাদের। কিন্তু পৌরসভা পানি নিষ্কাশনের নামে বড়ালের মতো বৃহৎ নদীকে খাল বানাচ্ছে। তাও কোথাও ৪ ফিট কোথাও ৬ ফিট প্রস্থে ড্রেজিং করা হচ্ছে। তবে নদীর তলদেশ গভির করা হচ্ছে না। তারা পৌরসভার এই খামখেয়ালীপনার প্রতিবাদ জানাচ্ছেন।
স্থানীয় কলেজ শিক্ষক আব্দুল মালেক ও মিজানুর রহমান অভিযোগ করে বলেন, বড়াল একটি ঐতিহ্যবাহি খরস্রোতা নদী। নদীটি বনপাড়া পৌরসভার বুক চিরে বয়ে গেছে। ১৯৮৪ সালে বড়ালের উৎস্যমুখে সরু স্ইচগেট নির্মাণ করে নাব্যতা নষ্ট করা হয়। এরপর থেকে বনপাড়া শহর এলাকায় বড়াল দখল করে বসতি গড়ে উঠেছে। ১০ ফিট প্রস্তের খালে পরিণত হয়েছে ৫শ ফিট প্রস্তের বড়াল নদী। তার ওপর আবার নদীকে ড্রেনের মতো করে ড্রেজিং করছে পৌরসভা।
এ ব্যপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মো. আসিফ নামের এক ব্যক্তির সাথে কথা হয়। তিনি বড়াল নদী ড্রেজিংয়ে ব্যপারে পৌরসভার সাথে যোগাযোগ করতে বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বড়াইগ্রাম উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. সবুজ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে বিএনপির লোকজন কাজটি বাস্তবায়ন করছে। প্রভাবখাটিয়ে নামমাত্র খনন করে মানুষের দুর্ভোগ বাড়ানো হয়েছে। অথচ পৌরসভা বড়াল নদীতে হাত দিতে পারে না। মূলত বড়ালে ড্রেজিং না করে ওই বরাদ্দের অর্থ ব্যয় করে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা যেত। কিন্তু পৌরসভা তা না করে নদী ড্রেজিংয়ের নামে অর্থ আত্মসাৎ করছে।
এসব বিষয় নিয়ে বনপাড়া পৌরসভার প্রশাসক বড়াইগ্রামের সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হয়। তিনি বড়াল নদীতে পৌরসভার পানি নিষ্কাশন প্রকল্পের ব্যপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি। প্রকল্পের তথ্য দিতেও অসহযোগীতা করেন।
পৌরসভার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায়
সাংবাদিককে এ্যাসিল্যান্ডের হুমকি
অনুমতি ছাড়া বড়াল নদীর ৫ কিলোমিটার অংশে সংস্কারে ১ কোটি ৭৯ লাখ টাকার একটি প্রকল্প ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কিত ওই প্রকল্পের সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার প্রশাসক সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে।
হুমকি-ধামকির একটি অডিও ক্লিপও সামনে এসেছে। রবিবার বিকেল পৌনে পাঁচটার দিকে বনপাড়া পৌর প্রশাসকের কার্যালয়ে ওই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বিভিন্ন গণমাধ্যমের ৫জন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া পৌর সচিবসহ পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। হুমকি-ধামকি এক পর্যায়ে পৌর সভার দুই কর্মচারী অশ্লিষ্ট ভাষায় গালি দিতে দিতে সংবাদকর্মীদের দিকে তেড়ে আসেন।
মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও কালবেলার গুরুদাসপুর প্রতিনিধি মিজানুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের অনুমতি ছাড়া পৌর কর্তৃপক্ষ নদী সংস্কার করতে পারে না। তাছাড়া প্রকল্পটি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যেও নানা ধরণের বিতর্ক চলছে। এনিয়ে ইত্তেফাকসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটি সহকারি কমিশনারের (ভূমি) নজরে এলে তিনি বিক্ষীপ্ত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘একটি ভিডিও বক্তব্য নেওয়ার জন্য এ্যাসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছিল। তিনি এই প্রকল্পের ব্যপারে তথ্য দিতে অনিহা প্রকাশ করছিলেন। সবশেষ বক্তব্য দেওয়ার কথা বলে রবিবার আমিসহ আরো দুজন সংবাদকর্মীকে পৌর কার্যালয়ে ডেকে নেন। সেখানে যাওয়া মাত্রই ব্যক্তি আক্রোশে ইত্তেফাকের সাংবাদিকসহ উপস্থিত সংবাদকর্মীদের আক্রমণ করে বথা বলতে থাকেন। এমন কি বেয়াদব বলে গালি দেন। এনিয়ে সাংবাদিকদের সাথে এ্যাসিল্যান্ডের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পৌর সভার দুইজন কর্মচারী অশালিন ভাষায় গালি দিতে দিতে গণমাধ্যমকর্মীদের দিকে মারার জন্য তেড়ে আসেন।
এদিকে ‘অনুমতি ছাড়া বড়াল ড্রেজিং, পৌরসভার ১.৭৯ লাখ টাকার প্রকল্প নিয়ে বিতর্ক’ শিরোনামে ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর টনক নড়ে পৌর কর্তৃপক্ষের। এই প্রকল্পের তথ্য সংগ্রহে গিয়ে পৌর কর্তপক্ষের কাছে নানা ধরণের হয়রানির শিকার হতে হয় গণমাধ্যমকর্মীদের।
তবে সাংবাদিকদের সঙ্গে অশালিন আচরণের কথা অস্বীকার করে বনপাড়া পৌরসভার প্রশাসক সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কারা খারাপ আরচণ করেছেন তিনি তা জানেন না।
সাংবাদিকদের সঙ্গে এ্যাসিল্যান্ডের উদ্ভট আচরণের বিষয়টি দুঃজনক বলে মন্তব্য করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি বলেন, মূলত ‘বি এম ডব্লিউ এস এস পি’ প্রকল্পের আওতায় এই বড়ালের বনপাড়া হাওড়া মিঠুর বাড়ি থেকে নটাবাড়িয়া বকুলতলা পর্যন্ত ৫ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেয় বনপাড়া পৌরসভা। এর সঙ্গে হাওরা থেকে বিলচিনিডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার জিয়া খালও সংস্কার করা হচ্ছে। কাজটি শুরু হয়েছে ২০২৪ সালের ১৫ এপ্রিল। ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের এই কাজটি পেয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন এ্যান্ড কোং।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম বলেন, বনপাড়া পৌর কর্তৃপক্ষ বড়ালের ৫ কিলোমিটার ড্রেজিং করছে। এই বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে পৌরসভা পানি উন্নয়ন বের্ডের বা নদী কমিশনের অনুমতি নেয়নি। তিনি বলেন, ৫২৮ কোটি টাকা ব্যায়ে বড়াল ও নারদ নদী দখলমুক্ত করে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের পরও পৌরসভার বড়াল নদী ড্রেজিংয়ে বিষয়টি তার বোধগম্য নয়।