আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে মিরসরাইয়ের আবুরহাট বাজারে গণসংযোগে গেলে বিএনপি নেতা শাহিদুল ইসলাম চৌধুরীকে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
এসময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটেছে।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুরো মিরসরাই উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কর্মসূচীর লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারে যাই।
এসময় বাজারে প্রবেশের পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী আমাদের প্রতিরোধ করেন। ককটেল ফুটোনো শুরু করেন।
সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকদের হেনস্তা করেন। পরবর্তীতে তারা আমাদের লিফলেট বিতরণ করতে না দিয়ে এক সাথে মিছিলে অংশ নেন।
তিনি আরো বলেন, সংঘর্ষ এড়াতে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করে আমি আবুরহাট বাজারে মিছিল শেষ করে ঝুলনপোল বাজার, মাদবারহাট বাজার, টেকেরহাট ও চরশরত বাজারে গিয়ে লিফলেট বিতরণ করি ও গণসংযোগ শেষ করি। এঘ্টনার তীব্র নিন্দা জানান তিনি।
এসময় ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু নোমান ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, এসএম হারুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ছাত্রনেতা সরোয়ার হোসেন জনি সহ ইছাখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহর কবর জিয়ারত করেন শাহীদ চৌধুরী সহ নেতাকর্মীরা।