নৈতিক শিক্ষা প্রদান অত্যন্ত প্রয়োজন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

917

বগুড়া- ৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ বলেছেন ‘দেশ গড়তে ভালো মানুষ প্রয়োজন। একজন প্রকৃত মানুষ হতে হলে নিজের মধ্যে সততা থাকতে হবে। আর সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা প্রদান অত্যন্ত জরুরী।’

তিনি বলেন, ‘বাড়ি হচ্ছে বড় শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি থেকে সন্তানদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরো বলেন ‘সত্যের জয় সব সময় হয়। বর্তমান তরুণ প্রজন্ম আমাদের প্রেরণা দিয়েছে। তারা সত্যের পক্ষে গণঅভ্যুথান করে জয় ছিনিয়ে এনেছে। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে, দেশের মানুষের বিজয় হয়েছে।’

বগুড়ার ধুনট উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুর ১টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ ‘সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এ সংবর্ধনার আয়োজন করে। ‘দ্যা ফিউচার লিডার’ -প্রতিপাদ্য নিয়ে জিপিএ ৫ প্রাপ্ত ২৮জনকে কৃতি শিক্ষার্থী সনদ ও সন্মাননা ক্রেস্ট এবং উপহার হিসেবে ল্যাপটপ ব্যাগ, মগ ও নোট বুক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন ‘সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর উদ্যোক্ত বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। তিনি বলেন ‘আগামী দিনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন তরুণদের হাত ধরেই আসবে। তরুণরাই হবে এর মূল কারিগর।’

ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলাইমান হোসেনের সভাপতিত্বে জিএমসি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালশুকা হাবিবুর রহমান কলেজের প্রভাষক আব্দুল কাদের তালুকদার, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী মিম খাতুন ও শাকিল আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.